প্রকাশিত: ১৭:৪৫, ১৬ অক্টোবর ২০২৬ আপডেট: ১৭:৪৯, ১৬ অক্টোবর ২০২৬
র্যালিতে যোগ দেওয়ার কয়েক মিনিট আগে অভিজিতকে আটক করা হয়
ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকেকে শুক্রবার তার বাড়ি থেকে আটক করা হয়েছে। দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ (পতাকা উত্তোলন) র্যালিতে যোগ দেওয়ার ঠিক কয়েক মিনিট আগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
চলতি সপ্তাহের মধ্যে এটি দিপকের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে, মুম্বাই থেকে বিমানে দিল্লিতে নামার পরপরই তাকে আটক করা হয়েছিল। নির্বাচনী তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর সময় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন।
এই পদযাত্রার অন্যতম কারণ ছিল ককরোচ জনতা পার্টির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারি। ১৩ অক্টোবর তারা যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রবেশ করেছিলেন—ঠিক একদিন আগেই ঐতিহাসিক এই স্থানটিকে আর প্রতিবাদস্থল হিসেবে গণ্য না করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এরপর তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
শুক্রবার এই আটকের আগে, দিল্লি পুলিশ দিপকের বাড়িতে গিয়ে তাকে এই পদযাত্রা না করার বিষয়ে একটি নোটিশ দিয়েছিল।
