প্রকাশিত: ১২:০৩, ১৩ অক্টোবর ২০২৬
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের একটি কক্ষে আগুন লাগার পর আহত ব্যক্তিকে উদ্ধার করেন সহকর্মীরা
সাভারের মির্জানগরে অবস্থিত গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ইলেকট্রিশিয়ান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে প্রতিষ্ঠানটির দুই তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। কক্ষটি কোয়ালিটি কন্ট্রোল বিভাগের পিসি টেবিলসংলগ্ন।
হোয়াটস অ্যাপে পাঠানো বার্তায় এসব তথ্য জানিয়েছেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ওই কক্ষে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডসহ ওষুধ পরীক্ষার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগকে আগুন লাগার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
