কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও দুই ছেলে-মেয়েসহ পাঁচ জন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার জন একই পরিবারের সদস্য বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
রৌমারী থানার ওসি কাওছার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। দুই নারী ও এক পুরুষসহ তিন জনের লাশ হাসপাতালে পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা। তাদের বাবার নাম শহিদুল ইসলাম। একই রিশাদ ও তুবার মা লিপি ও খালা শরিফা মারা গেছেন। তারা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত পাঁচ জনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোচালক বলে জানা গেছে।’
