সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের নেতৃত্বের বিকাশ, মানবাধিকার ও সামাজিক উন্নয়ন বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর সহযোগিতায় গত ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তালা উপজেলার ত্রিশ মাইল মোড়ে অবস্থিত অগ্রগতি রিসোর্টের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সাতক্ষীরা সদর ও কালীগঞ্জ উপজেলা থেকে ১৫ জন করে মোট ৩০ জন নির্বাচিত তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। যুবদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি, জেন্ডার সমতা ও মানবাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সক্রিয় নাগরিক হিসেবে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
তিন দিনের প্রশিক্ষণে নেতৃত্বের দক্ষতা, ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতির আলোকে সামাজিক উন্নয়ন, মানবাধিকার, সমস্যা চিহ্নিতকরণ, অ্যাডভোকেসি, কার্যকর যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং নেটওয়ার্কিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দলীয় আলোচনা, শিক্ষামূলক খেলা ও ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করেন এবং সেগুলোর সমাধানে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, জাগরণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. সুইট খান, প্রশিক্ষক ফারহানা ইয়াসমিন, প্রশিক্ষক আবিদ হাসান ও প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান। প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন আসমাউল সোহানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সমাপনী দিনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও নিজ নিজ এলাকার জন্য প্রণীত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পরে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় তাঁদের হাতে সনদপত্র তুলে দেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তরুণ-তরুণীরা নিজ নিজ এলাকায় সামাজিক সমস্যা সমাধান, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন সাধনে ভূমিকা রাখবেন। তাঁদের সক্রিয় উদ্যোগের মধ্য দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
The post সাতক্ষীরা ও কালীগঞ্জে ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ appeared first on ভোরের চেতনা.
