খুলনায় গুলিবিদ্ধ হয়ে মো. তুষার নামে ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র এবং চাঁদাবাজি মামলা রয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, এলাকাবাসীর মাধ্যমে পুলিশ জানতে পারে মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেনের মধ্যে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পড়ে ছিল।
