থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের চারটি প্রদেশে মেলিওডোসিস বা মাটির জ্বরে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছেন ৫৭০ জন। দূষিত মাটি ও পানির সংস্পর্শ থেকে সংক্রমণ এড়াতে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
বৃহস্পতিবার রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দপ্তর-৯ এর পরিচালক চিকিৎসক সাইলাক ফিমখো জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব তথ্য নথিভুক্ত করা হয়েছে।
প্রদেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে বুরি রামে। সেখানে ২৪৫ জন আক্রান্ত ও ১২ জনের মৃত্যু হয়েছে। নাখন রাতচাসিমায় ১৩৬ জন আক্রান্ত এবং ১৭ জনের মৃত্যু হয়েছে। সুরিনে আক্রান্ত ১৩৯ জন, মৃত্যু ১১ জনের। চাইয়াফুমে আক্রান্ত হয়েছেন ৫০ জন এবং মারা গেছেন পাঁচজন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মাটি ও পানিতে প্রাকৃতিকভাবে থাকা একধরনের ব্যাকটেরিয়া থেকে এ রোগ ছড়ায়। ত্বকের কাটা বা ক্ষতস্থান দিয়ে, দূষিত ধুলা বা পানির ক্ষুদ্র কণা শ্বাসের সঙ্গে গ্রহণ করে কিংবা দূষিত পানি ও খাবার খাওয়ার মাধ্যমে মানুষ সংক্রমিত হতে পারেন। গুরুতর ক্ষেত্রে রোগটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
বয়স্কদের মধ্যে সংক্রমণের হার বেশি। বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সীরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন। দীর্ঘস্থায়ী বৃষ্টি ও বন্যার সময় কাদা এবং দূষিত পানির সংস্পর্শ বাড়ায় সংক্রমণের আশঙ্কাও বৃদ্ধি পায়।