কোহলির ভিডিয়ো দেখে ভারতের মাটিতে দাপট অজ়ি তারকারছবি: X
Published on
:
2 min read
২০২৭ সালের জানুয়ারি মাসে আয়োজিত হবে বর্ডার-গাভাসকর ট্রফি। সেই সিরিজ়ের প্রস্তুতির কথা ভেবে ভারতের মাটিতে খেলতে এসেছে অস্ট্রেলিয়া ‘A’ দল। আর ভারতের বিরুদ্ধে খেলার জন্য যে ভালোই হোমওয়ার্ক করে এসেছিল তারা, সেটার প্রমাণ হলো ODI সিরিজ়ে জয়। আর এই জয়ে বড় ভূমিকা রেখেছেন তরুণ ক্রিকেটার নাথান ম্যাকসুইনি। ভারতের মাটিতে স্পিনারদের সামলানো যে কোনও বিদেশি ব্যাটারের কাছে বড় চ্যালেঞ্জ। আর তাতে সফল হয়েছেন ম্যাকসুইনি। এ বার ফাঁস করলেন সাফল্যের রহস্য। জানালেন, ইউটিউবে বিরাট কোহলির ব্যাটিংয়ের ভিডিয়ো দেখে প্রস্তুতি সেরেছিলেন তিনি।
কোহলির ভিডিয়ো দেখেই ভারতের বিরুদ্ধে দাপট ম্যাকসুইনির
ভারতে খেলতে আসার আগে স্পিনের বিরুদ্ধে প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ম্যাকসুইনি। কী ভাবে ভারতের সেরা ব্যাটাররা স্পিন সামলান, তা বোঝার চেষ্টা করেছিলেন।
এই নিয়ে অজ়ি ব্যাটার বলেন, ‘অস্ট্রেলিয়ান হিসেবে ভারতে খেলতে এলে স্বাভাবিক ভাবেই স্পিনের দিকে বিশেষ নজর দিতে হয়। ইউটিউবে বিরাট কোহলির ব্যাটিং দেখেছি। কী ভাবে তিনি খেলেন তা বোঝার চেষ্টা করেছি। স্টিভ স্মিথ এবং ভারতে এসে সফল হওয়া অন্য অজ়ি ক্রিকেটারদের ব্যাটিংও দেখেছি। দলের সঙ্গে থাকা বিশ্লেষকরা এই নিয়ে আমাদের বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান দিয়েছিলেন। সেগুলো কাজে লাগাতে পেরে ভালো লাগছে।’
স্পিনের বিরুদ্ধে সফল ম্যাকসুইনি
ODI সিরিজ়ে স্পিনের বিরুদ্ধে নজর কেড়েছেন ২৭ বছরের এই ক্রিকেটার। কখনও ক্রিজ় ছেড়ে বেরিয়ে এসে স্পিনারদের লাইন-লেংথ নষ্ট করেছেন। কখনও সাহস দেখিয়ে সুইপ শট খেলেছেন। আবার ফিল্ডারদের মধ্যে গ্যাপ খুঁজে নিয়ে নিখুঁত শটে রানের গতি বাড়িয়েছেন।
তিন ম্যাচের ওডিআই সিরিজ়ে সর্বাধিক রান করে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ভারতীয় ‘A’ দলের বিরুদ্ধে তিন ইনিংসে ১৯৪ রান করেছেন ম্যাকসুইনি। তাঁর ব্যাটিং গড় ৬৪.৬৬ এবং স্ট্রাইক রেট ৮৩.৬২। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সে ভর করেই ২-১ ফলে সিরিজ় জিতেছে অস্ট্রেলিয়া ‘A’ দল
