Published on
:
1 min read
বিজয়া দশমীর সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পূর্ব বর্ধমানের একই গ্রামের তিন বাসিন্দার। অন্যদিকে একই দিনে জেলার অন্যত্র একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের।
মোটরবাইকে জ্বালানি ভরাতে যাওয়ার সময়ে দুর্ঘটনা
বুধবার বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের মিরেপোতা জহুরী পুকুর এলাকায় একটি দুর্ঘটনা হয়। ওই এলাকায় একটি পেট্রল পাম্পের সামনে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনজন মোটরবাইক সওয়ারি। মৃতদের নাম কামাখ্যা রায় (৬১), নাড়ুগোপাল রায় (৪৫) এবং শ্রীকান্ত রায় (৪১)। তিনজনেরই বাড়ি পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে।
বুধবার সকালে ওই তিনজন একটি মোটরসাইকেলে চেপে জহুরী পুকুর এলাকার একটি পেট্রল পাম্পে জ্বালানি নিতে যাচ্ছিলেন। সেই সময়ে রাস্তার এক দিক থেকে অন্য দিকে থাকা পেট্রল পাম্পে যাওয়ার সময় বর্ধমানমুখী একটি লরি তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে। লরির ধাক্কায় তিনজনই গুরুতর জখম হন। রায়না থানার পুলিশ তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ৩ জনকেই মৃত বলে ঘোষণা করে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তবে লরির চালক পলাতক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে,ভাতারের পাটনা গ্রামের শ্মশান সংলগ্ন এলাকায় ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ২ যুবকের। মৃত জিৎ মাঝি(১৯) ও মনোজ পাল(৩০)-এর বাড়ি ভাতারের মাহাচান্দা এলাকায়। কোন গাড়ি তাঁদের ধাক্কা মেরেছে, তার খোঁজ করছে পুলিশ।