সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা করেছে ইয়েমেনের হুথি সামরিক গোষ্ঠী। হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল সারি বলেছেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য কের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
সারী অবশ্য জানাননি যে ঠিক কখন এই হামলা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও কোনো বিস্তারিত তথ্য দেননি।
সরকারি বিবৃতির ওপর ভিত্তি করে আনাদোলু এজেন্সির হিসাব অনুযায়ী, ৫ থেকে ১১ অক্টোবর— ৬ দিনে সৌদি আরবের পাঁচটি বিমানবন্দরে ১০টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন মোট ২০ জন ও আহত হয়েছেন শত শত মানুষ। পাশাপাশি বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে—সেখানে পাঁচটি হামলায় ১৮ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। এছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে দু’বার হামলা হয়েছে এবং আবহা, জাজান ও নাজরান বিমানবন্দরে একবার করে হামলা চালানো হয়েছে।
