লক্ষ্মীপূজা আজ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ এএম
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ।ছবি: সংগৃহীত
-->বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে ভক্তরা বিনিদ্র থেকে লক্ষ্মীর পূজা করেন বলে একে বলা হয় কোজাগরী পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মীপূজা।
আশ্বিনী পূর্ণিমা ছাড়াও কেউ কেউ প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর বিশেষ পূজা করে থাকেন। কোনো কোনো অঞ্চলে দীপান্বিতা অমাবস্যায় সন্ধ্যাবেলা লক্ষ্মীপূজার রীতি প্রচলিত আছে। ঘটে বা মূর্তিতে লক্ষ্মীর পূজা করা হয়। এ পূজা ব্যক্তিগত বা সর্বজনীনভাবে অনুষ্ঠিত হয়।
শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত লক্ষ্মী। তাই লক্ষ্মী ঐশ্বর্যের দেবী। লক্ষ্মীর বাহন প্যাঁচা। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাদের সঙ্গিনী হন। কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে আসেন। প্রাচীনকাল থেকেই রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ সবাই দেবী লক্ষ্মীর পূজা দিয়ে আসছেন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, কোজাগরী লক্ষ্মীপূজা পালিত হবে আজ ২৫ অক্টোবর। পূর্ণিমা তিথি শুরু হবে আজ বেলা ১১টা ৫৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে আগামীকাল সকাল ৯টা ৪১ মিনিটে।
লক্ষ্মীকে নিয়ে বাংলার জনসমাজে বিভিন্ন জনপ্রিয় গল্প প্রচলিত আছে। এই গল্পগুলো পাঁচালি আকারে লক্ষ্মীপূজার দিন পাঠ করা হয়। একে লক্ষ্মীর পাঁচালি বলা হয়। লক্ষ্মীপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো–সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দূর্বা, তুলসীপাতা, হরীতকী, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপ চাল ও জল। লক্ষ্মীপূজায় মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পায় চালের গুঁড়ার আলপনায় লক্ষ্মীর ছাপ। এ উপলক্ষে রমণীরা উপবাস ব্রত পালন করেন।
আরও পড়ুন
প্রবারণা পূর্ণিমা আজ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত
-->বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ও দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ রবিবার (২৫ অক্টোবর)।
এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আজ সকাল থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ উৎসব অনুষ্ঠিত হবে।
বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুসারে, প্রবারণা পূর্ণিমার এই দিনে ভগবান বুদ্ধ ‘তাবতিংস স্বর্গ’ থেকে ‘সাংকাশ্য নগরে’ আসেন। এ দিনেই ভগবান বুদ্ধ তার ভিক্ষু সংঘকে মানুষের কল্যাণে নিয়োজিত হতে এবং নিজ ধর্ম প্রচারে বেরিয়ে পড়ার নির্দেশ দেন। প্রবারণা পূর্ণিমা তিথির মধ্য দিয়ে ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাবাসের সমাপ্তি ঘটে। এর পরদিন থেকে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু হয়। এদিন সন্ধ্যায় চুলামণি চৈত্যের উদ্দেশে ফানুস উত্তোলন করা হয়।
প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানসূচি দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বের কার্যক্রম শুরু হবে আজ ভোর সাড়ে ৫টায়; এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হবে। একে একে ভিক্ষু সংঘের প্রভাতি পিণ্ড গ্রহণ, বুদ্ধ পূজা, শীল গ্রহণ, অষ্ট উপকরণসহ মহাসংঘদান এবং ভিক্ষু সংঘের পিণ্ডদান সম্পন্ন হবে।
পবিত্র ত্রিপিটক থেকে সূত্র পাঠের মধ্য দিয়ে দিনের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৪টায়। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৬টায় শীল গ্রহণ, আলোকসজ্জা ও ফানুস বাতি উৎসর্গ করা হবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে বর্ণাঢ্য ফানুস উৎসব।
রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ বিহারেও একই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। শুধু রাজধানী নয়; প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর বৌদ্ধ বিহারেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সেই আয়োজনকে আরও উৎসবমুখর করতে বান্দরবান সেনা জোন জেলার বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে। অনুষ্ঠানে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রাফিউর রহমান রাজীব।
আরও পড়ুন
বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম
ছবি: সংগৃহীত
-->চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি আগামী ২৬ অক্টোবর (সোমবার) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেই বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ও সময় উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এই অবস্থায় ওই বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছিল কমিটি। সেই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এসএন/
আরও পড়ুন
সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম
প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
-->শিল্প-সংস্কৃতি, গ্রামীণ কারুশিল্প, সংগীত, চলচ্চিত্র ও থিয়েটারকে মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চায় সরকার। একই সঙ্গে সৃজনশীল শিল্পের বিকাশের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক প্রভাব বা ‘সফট পাওয়ার’ জোরদার করার পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত Creative Footprints বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রথাগত অর্থনৈতিক ভাবনায় শিল্প ও সংস্কৃতিকে সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে রাখা হয়েছিল। বর্তমান সরকার এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে সৃজনশীল অর্থনীতিকে দেশের অর্থনৈতিক আকাঙ্ক্ষা ও প্রবৃদ্ধির নতুন উপাদান হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, সরকারের একার পক্ষে সবকিছু বাস্তবায়ন সম্ভব নয়। তাই নীতি ও অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাত এবং এনজিওগুলোর সাথে শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে এই খাতকে সামনে এগিয়ে নেওয়া হবে। ইতিমধ্যে সরকার বাজেটে এর জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করেছে এবং বেসরকারি খাতও এতে বড় ধরনের অর্থায়ন করতে এগিয়ে আসছে।
সৃজনশীল খাতের প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, দেশীয় কারুশিল্পী, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ডিজাইনিং, ব্র্যান্ডিং এবং আমাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিপণন সহায়তা প্রদান করা হবে। এতে করে দেশের প্রান্তিক শিল্পী ও কারুশিল্পীদের তৈরি পণ্যের সঠিক মূল্যায়ন ও নগদায়ন সম্ভব হবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখবে।
বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, এটি কেবল শিল্প, কারুশিল্প বা ব্যবসা নয়; এটি বাংলাদেশের জন্য একটি ‘সফট পাওয়ার’। সঙ্গীত, থিয়েটার, চলচ্চিত্র ও হস্তশিল্পের মাধ্যমে বিশ্ব দরবারে নিজস্ব অবস্থান শক্ত করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এনামুল হক।
এসএন/
আরও পড়ুন
খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের: হুইপ দুলু
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত
-->বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ‘খেলাধুলাকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।’
শনিবার (২৪ অক্টোবর) ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে আয়োজিত কাজল আহমেদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চূড়ান্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে পারলে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সহজ হবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এসব মাঠে স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-১ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, পান্না গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিয়ান খানসহ মধুখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দেশের আটটি জেলা থেকে আটটি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় গোপালগঞ্জ একাদশ ৩-১ গোলে নড়াইল একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
এনকেবি নয়ন/রিফাত/
