বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ হুমকি! ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগে ঘটনার দিন দুয়েক পর গ্রেপ্তার হল যুবক। ধৃতের নাম আবু বকর সিদ্দিক। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক মহম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারির খবর নিশ্চিত করেছেন। তবে কে ওই যুবক, কোন উদ্দেশে তিনি হঠাৎ প্রধানমন্ত্রীকে নিশানা করে এমন পোস্ট করলেন, পিছনে কারা – তদন্তের স্বার্থে এসব কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ। পাশাপাশি সোশাল মিডিয়ায় ওই পোস্টের জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে তারেক রহমানের।
গত মঙ্গলবার, দুর্গাপুজোর নবমীর দিন হিন্দু সম্প্রদায়ের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে প্রতিমা দর্শন করেছেন। সেই সফরে রাজশাহি গিয়েছিলেন তিনি। ওইদিন রাজশাহি বিমানবন্দর থেকে একটি সরকারি বাসে চড়ে শহরে যান তারেক। সেসময় রাস্তার দু’ধারে ভিড় করে তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন জনতা। এই ছবি ‘দ্য বিউটি অফ রাজশাহি’ নামের একটি পেজে পোস্ট করা হয়। সেই পোস্টের নিচে মহম্মদ আবু বকর সিদ্দিক নামে এক যুবক মন্তব্য করেন, ‘ইশ! একটা বড় সুযোগ, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ এমন মন্তব্যের জেরে আশঙ্কা তৈরি হয়, তবে কি প্রধানমন্ত্রীকে নিশানা করে স্নাইপার হামলার চক্রান্ত ছিল?
এরপরই ওই ফেসবুকের আইডি খোঁজ করে পুলিশ আবু বকরের সন্ধান পায়। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহি মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলি আশরাফ মাসুমের কথায়, ‘‘ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তাঁর প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।” সেই কারণেই আবু বকরকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে আর কোনও তথ্য জানানো হয়নি।
