৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে সরকার তেলের দাম বাড়ায়নি, তবে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় আইনশৃঙ্খলা ও স্থানীয় রাজনীতির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে চিফ হুইপ বলেন, বরগুনায় জামায়াত নেতার ওপর হামলায় যদি বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি পুরো বরগুনা জেলাকে সম্পূর্ণ চাঁদাবাজমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতিতেই বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার রেকর্ড নেই।
উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ রক্ষায় ইলিশের উৎপাদন বাড়াতে ট্রলিং জাহাজ চলাচল পুরোপুরি বন্ধের জোর দাবি জানান চিফ হুইপ। ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অতীতে মাত্র তিন বছরে দেশকে দুর্ভিক্ষের হাত থেকে তুলে এনেছিলেন জিয়াউর রহমান। নিয়মতান্ত্রিক উপায়ে বর্তমান সরকার পূর্ণ পাঁচ বছর মেয়াদেই দেশ পরিচালনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
