চট্টগ্রাম নগরের হালিশহরে সাংবাদিক মো. আবুল হোসাইনকে জিম্মি করে টাকা লুট ও ব্ল্যাকমেইলের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। । বৃহস্পতিবার দিবাগত রাতে বৌ-বাজার ও বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার এজাহারভুক্ত আট নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬) ও ১৭ বছর বয়সী কিশোর সাকিব। রাত সাড়ে ১২টার দিকে বৌ-বাজার এলাকা থেকে আরিফকে এবং রাত সোয়া ১টার দিকে বড়পুল এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলা দায়েরের পরপরই প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকাশ লেনদেনের তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে অন্য অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৪ অক্টোবর বিকেলে হালিশহরের রমনা আবাসিক এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে জিম্মি হওয়ার অভিযোগ করেন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার আবুল হোসাইন। এ ঘটনায় পরদিন হালিশহর থানায় মামলা করেন তিনি।
মামলার এজাহার অনুযায়ী, ৮ থেকে ১০ জনের একটি দল তাঁকে ঘিরে ধরে মারধর করে এবং পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে নির্জন স্থানে আটকে রাখে। তাঁর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা নেওয়ার পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকে চারটি লেনদেনে আরও ৫৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর তাঁকে সামাজিকভাবে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোর করে ভিডিও ধারণ করা হয়। ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আবুল হোসাইনের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে পরিকল্পিতভাবে জিম্মি করা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয়সংক্রান্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তিনি থানায় মামলা করেন। তবে হাতিয়ে নেওয়া টাকা এখনো উদ্ধার হয়নি।
হালিশহর থানার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলাটি দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় নথিভুক্ত হয়েছে।
The post জিম্মি করে টাকা আদায়, সাংবাদিককে ফাঁসাতে ভিডিও, গ্রেপ্তার ২ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
