প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের স্টাফ পরিচয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে নাটোরের সিংড়ায় আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাসেদ (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু হুরায়রা (৩০) সিংড়া শহরের বালুয়া বাসুয়া মহল্লার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নাটোরের পুলিশ সুপার শরিফুল হক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন ও মনোনয়ন দেওয়ার আশ্বাস দিতেন।
গত ১৯ অক্টোবর বিকেল ৩টা ১১ মিনিটে সিংড়ায় নিজের বাড়ি থেকে হোয়াটসঅ্যাপে মো. কাদের গনি চৌধুরীর ব্যবহৃত নম্বরে কল করে রাজনৈতিক পদে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ ওঠে আবু হুরায়রার বিরুদ্ধে। একইভাবে ব্যারিস্টার নাসিরউদ্দিনের কাছেও অর্থ দাবি করা হয় বলে জানান পুলিশ সুপার।
বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে সিংড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, আবু হুরায়রা ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান হিসেবে চাকরি করেন। সেখানে কর্মরত অবস্থায় প্রতারণার মামলায় তিনি বরখাস্ত হন। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার মামলাও রয়েছে।
এ ঘটনায় সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
