ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের নবগঠিত কমিটিতে সহসভাপতির পদ পেয়েছেন স্বপন গোলদার ওরফে গোল্ডেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উত্তরা পশ্চিম থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে জানা গেছে। ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার কিছুদিন পরই যুবলীগের কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি স্বপন গোলদার গোল্ডেন তার ফেসবুক পেজে ছাত্রদল থেকে পদত্যাগের একটি চিঠি প্রকাশ করেন। ওই চিঠিতে তিনি ছাত্রদলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর কয়েক দিন পর, গতকাল শুক্রবার সালথা উপজেলা যুবলীগের নবগঠিত কমিটি ঘোষণা করা হলে সেখানে তাকে পাঁচ নম্বর সহসভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
ছাত্রদল থেকে পদত্যাগ এবং যুবলীগের কমিটিতে পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বপন গোলদার গোল্ডেন বলেন, ৫ আগস্টের পর দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রক্ষার কৌশল হিসেবে তিনি ছাত্রদলের কমিটিতে যুক্ত হয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি অনুকূলে আসায় তিনি প্রকাশ্যে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে চান। এ কারণেই তাকে যুবলীগের কমিটিতে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশের কারণ ব্যাখ্যা করে স্বপন গোলদার গোল্ডেন বলেন, যে কমিটি থেকে তিনি পদত্যাগ করেছেন, সেটি পূর্ণাঙ্গ কমিটি ছিল না; বরং একটি খসড়া কমিটি ছিল।
নিজেকে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী দাবি করে স্বপন গোলদার গোল্ডেন বলেন, বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার ছবি ও ভিডিও রয়েছে। এসব নিয়ে আলোচনা-সমালোচনা হতে পারে—এমন আশঙ্কা থেকেই বিষয়টি স্পষ্ট করতে তিনি পদত্যাগপত্রটি ফেসবুকে প্রকাশ করেছিলেন।
এ বিষয়ে ফরিদপুর জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল বলেন, স্বপন গোলদার গোল্ডেন নামে কাউকে তিনি কখনো যুবলীগের রাজনীতিতে সক্রিয় দেখেননি। তবে শুনেছেন, তার বাড়ি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাজাদিয়া গ্রামে এবং তিনি আলতাব হোসেনের ছেলে। ছাত্রদল থেকে পদত্যাগের একটি স্ক্রিনশটও তিনি পেয়েছেন বলে জানান। তবে স্বপন গোলদার সম্পর্কে বিস্তারিত কিছু জানা নেই বলে উল্লেখ করেন তিনি।
শওকত হোসেন মুকুল আরও বলেন, ঘোষিত কমিটি কোনো একজনের ইশারা ও প্ররোচনায় গঠিত হয়েছে বলে তিনি মনে করেন। তার দাবি, এ কমিটির সঙ্গে সালথা উপজেলার আওয়ামী লীগ-সংশ্লিষ্ট পরিবারগুলোর এবং যুবলীগের বড় একটি অংশের সম্পৃক্ততা নেই। এমনকি তাদের অনেককে কমিটিতে রাখা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
