কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর গ্রামের কৃতী সন্তান অনারারি ক্যাপ্টেন (অব.) আবুল কালাম আজাদ আর নেই।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল সন্ধ্যা ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার বাদ জোহর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
অনারারি ক্যাপ্টেন (অব.) আবুল কালাম আজাদ ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৩ সালে অনারারি ক্যাপ্টেন পদে অবসর গ্রহণ করেন তিনি। ব্যক্তিজীবনে তিনি দুই বোন ও পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। সাজঘর গ্রামের ফরিদ ডাক্তারের বাড়িতে তাঁর বেড়ে ওঠা।
মৃত্যুকালে তিনি স্ত্রী সাবিকুন নাহার রুনা, এক ছেলে নওফেল ও এক মেয়ে নওরীনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের সহধর্মিণী সাবিকুন নাহার রুনা তাঁর স্বামীর রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুমের জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর কবরের জীবন শান্তিময় করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।
