সৌদি আরবের রিয়াদের কিং খালিদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট আগামী ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। গতকাল সোমবার এয়ারলাইন্সটির এক জরুরি ভ্রমণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৮১ ও বিএস৩৮২ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ফ্লাইটগুলো ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। এ ফ্লাইটগুলো ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পুনরায় টিকিট বুকিং ও অন্যান্য তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সহায়তার জন্য ০৯৬১৩৭১৩৬০৫, ১৩৬০৫ এবং +৮৮০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার (১০ অক্টোবর) ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। ওই হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হন। আহত হন তিন শতাধিক মানুষ। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরদিন গত রোববার আরেক হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এ নিয়ে পাঁচদিনের মধ্যে চারবার হামলা চালানো হলো।
The post ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল first appeared on দৈনিক আজকের জামালপুর.
