মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সময়মতো আধুনিক চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ স্নায়ুগুলোকে সুরক্ষা দেয় মেরুদণ্ড। এর সুস্থতার সঙ্গে মানুষের স্বাভাবিক জীবনযাপন, কর্মক্ষমতা ও সামগ্রিক জীবনমান গভীরভাবে জড়িত।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) লোয়ার কনফারেন্স হলে বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘মেরুদণ্ডের যত্ন নিন, সুস্থ থাকুন’।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, অসচেতনতা, ভুল জীবনযাপন, আঘাত, বয়সজনিত পরিবর্তন ও বিভিন্ন রোগের কারণে মেরুদণ্ডের নানান সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘস্থায়ী পিঠ ও কোমরব্যথা, ঘাড়ব্যথা, ডিস্ক প্রলাপস বা পিএলআইডি, স্পাইনাল স্টেনোসিস, মেরুদণ্ডের যক্ষ্মা, অস্টিওপোরোসিসজনিত হাড় ভেঙে যাওয়া এবং স্কোলিওসিস ও কাইফোসিসের মতো সমস্যায় অনেক মানুষ ভুগছে। এসব রোগের কারণে স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মক্ষমতা কমে যায়। রোগী ও তার পরিবারকে আর্থিক ও মানসিক চাপের মধ্যেও পড়তে হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, দীর্ঘ সময় একটানা বসে থাকা, ভুল দেহভঙ্গি, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন এবং অনিরাপদভাবে ভারী বস্তু তোলার অভ্যাস মেরুদণ্ডের সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত ব্যায়াম, বসা ও দাঁড়ানোর ক্ষেত্রে সঠিক দেহভঙ্গি বজায় রাখা, স্বাস্থ্যকর ওজন ধরে রাখা এবং ভারী বস্তু তোলার সময় নিরাপদ পদ্ধতি অনুসরণ করা জরুরি। দীর্ঘস্থায়ী ব্যথা বা অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্ব মেরুদণ্ড দিবসের তাৎপর্য শুধু ব্যক্তিগত পর্যায়ে মেরুদণ্ডের যত্ন নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। রোগ প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও এ দিবসের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এ জন্য চিকিৎসক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, পরিবার ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জসিম উদ্দীন ও উপাধ্যক্ষ ডা. মো. আনিসুল হোসেন। অনুষ্ঠানে ডা. এম. ফারুক মেরুদণ্ডের স্বাস্থ্য, বিভিন্ন রোগ, রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বৈজ্ঞানিক উপস্থাপনা দেন। সঞ্চালনা করেন ডা. মাজেদ সুলতান ও ডা. আরাফাত রহমান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক ডা. ইমরোজ উদ্দিন। আহ্বায়কের দায়িত্ব পালন করেন ডা. সিরাজুন মনির ওহী ও ডা. মাহমুদুল হাসান।
এ ছাড়া অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনসহ অর্থোপেডিকস, নিউরোসার্জারি, নিউরোমেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। পরে মেরুদণ্ডের স্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
এমআরএএইচ/কেএসআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
