শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শহরের চৌরাস্তার মোড় থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
র্যালির উদ্বোধন করেন রুমানা মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সহসভাপতি অমর কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য এ র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার, উৎসবের আমেজ ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শহরে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অতিথিরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এ চেতনাকে ধারণ করে সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। বিজয়া দশমী আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
তাঁরা আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।
শুভ বিজয়ার এ বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
The post সিরাজগঞ্জে বিজয়া দশমীর বর্ণাঢ্য র্যালি, নেতৃত্বে রুমানা মাহমুদ appeared first on ভোরের চেতনা.
