দিনাজপুরের পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইউনিফর্ম পরিহিত ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে রাজশাহী ও নাটোর জেলা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে নাঈম ইসলাম (২৩), রিংকু আলী (২৯), আশিকুর রহমান (১৯) ও রাজব আলীকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, চক্রটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আইডি পরিচালনা করত। পুলিশ কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
