ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলিফ উতরাইল বাজারের একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
গুলিবিদ্ধ আলিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান বলেন, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
জানা গেছে, এর আগে গত ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামান আলিফকে কুপিয়ে জখম করে। এ সময় তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।
আলিফ সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক চোরাচালান নিয়ে লেখালেখি করতেন।
সূত্র: জাগো নিউজ
