বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন কোরীয় প্রতিনিধি মুনজে কিউন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তারা বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী এলাকায় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
প্রতিনিধি দলটি বায়তুল লতিফ জামে মসজিদ, বিএসটিআই ইনস্টিটিউট, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে। পরে বাগেরহাট শহরের নতুন কোর্টের সামনে অবস্থিত স্কিল-আইটি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন তারা।
এদিন দুপুরে জেলা প্রশাসক গোলাম মো বাতেনের সঙ্গে সাক্ষাৎ করেন কোরীয় প্রতিনিধি। এ সময় বাগেরহাটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এরপর প্রতিনিধি দলের সদস্যরা রাখালগাছি ইউনিয়ন ও মধুদুয়া মাধ্যমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় শিক্ষার্থীরা কোরীয় ভাষায় সংগীত পরিবেশন করলে তারা মুগ্ধ হন। শিক্ষার্থীদের কোরীয় ভাষা শেখার আগ্রহ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কোরীয় ভাষা শিখলে শিক্ষার্থীদের তার দেশে চাকরি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু, মেজর (অ.) জিহাদ, প্রকল্প পরিচালক মো. উলিউল্লাহ, দুদকের আইনজীবী নজরুল ইসলাম কাজল, ফ্রি মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক রুহুল আমিন বাবু, বোরহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
