
ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন: সভাপতি পদে চার হেভিওয়েট প্রার্থী, ভোটার মাত্র ১২২, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সভাপতি পদে চার হেভিওয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে ভোটার ও সমবায়ীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। ভোটার সংখ্যা সীমিত হওয়ায় প্রায় প্রতিদিনই ভোটারদের কাছে গিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন প্রার্থীরা।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সভাপতি মো. আকতার হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাবেক সহসভাপতি মো. ফারুক আহম্মেদ। চার প্রার্থীই সমিতির উন্নয়ন, স্বচ্ছতা ও সমবায়ীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচন প্রসঙ্গে সাবেক সভাপতি মো. আকতার হোসেন বলেন, ‘এটি একটি অরাজনৈতিক সংগঠন। সাধারণ মানুষ সমিতির মাধ্যমে অর্থ সঞ্চয় করেন। সেই অর্থের সঙ্গে সমিতির অন্যান্য তহবিল যুক্ত করে নিয়ম অনুযায়ী সদস্যদের ঋণ দেওয়া হয়। আমি দায়িত্বে থাকাকালে কেন্দ্রীয় সমবায় সমিতির ভবনের উন্নয়ন করেছি এবং সমিতির উন্নয়নে নিজের অর্থ ব্যয় করেছি। সভাপতির নির্ধারিত সম্মানীও গ্রহণ করিনি।’
তিনি আরও বলেন, ‘সাধারণ ভোটাররা চান আমি আবার নির্বাচন করি। জয়-পরাজয় যা-ই হোক, নির্বাচনের আগে ও পরে আমি সাধারণ ভোটারদের পাশে আছি। অসমাপ্ত কাজগুলো শেষ করতে ভোটার ও সমবায় সমিতির শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সমর্থন চাই।’
সভাপতি প্রার্থী কাজী শাহ আলম খোকন বলেন, ‘আমি নির্বাচিত হলে বন্ধ হয়ে যাওয়া সমিতিগুলো পুনরায় চালু করার জন্য কাজ করব। বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমবায় সমিতির মাধ্যমে সমবায়ীদের উন্নয়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ।’
আরেক প্রার্থী মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি সভাপতি নির্বাচিত হলে সমবায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব। সমিতির সব সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড গড়ে তুলতে চাই।’
অপর প্রার্থী মো. ফারুক আহম্মেদ বলেন, ‘সমবায় সমিতির সভাপতি পদ কোনো আয়ের উৎস নয়; এটি উপজেলার সমবায় সমিতিগুলো সঠিকভাবে পরিচালনার দায়িত্ব। আমি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে এবং সবার পরামর্শে সমবায়ীদের উন্নয়নে কাজ করব।’
এদিকে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই সমবায়ী কাজী মো. কামাল হোসেন ও আবদুল হান্নান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সফিকুল ইসলাম জানান, আগামী ১৮ নভেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৯৬টি সমবায় সমিতি থাকলেও এ নির্বাচনে ১২২ জন সমিতির প্রতিনিধি তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সীমিতসংখ্যক ভোটার নিয়ে গুরুত্বপূর্ণ এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী, ভোটার ও সমবায়ীদের মধ্যে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন
