যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে কিয়েভের সংশয় বাড়তে থাকায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ তোলে ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্ক না করে ও যোগাযোগের জন্য ব্যবহৃত মাস্কের স্যাটেলাইট ব্যবস্থায় পরিবর্তন এনে ইউক্রেনের সামরিক পাল্টা ব্যবস্থা দুর্বল করে দেওয়া হচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, আর এভাবেই হত্যাযজ্ঞ চলতে থাকছে। জেলেনস্কির বিদায় নেওয়ার সময় এসেছে। জেলেনস্কি মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারলিংক ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানানোর প্রেক্ষিতে কিয়েভের দাবি, এ ব্যবস্থার গতি কমিয়ে দেওয়া হয়েছে। মাস্ক বলেন, এ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটে থাকলে তার দায় যুক্তরাষ্ট্র সরকারের। তিনি স্টারশিল্ড ও স্টারলিংক ব্যবস্থার মধ্যে পার্থক্য তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ইউক্রেন স্টারশিল্ডের ওপর নির্ভরশীল। এ ব্যবস্থার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে। অন্যদিকে, ইউক্রেন বেসামরিক স্যাটেলাইট ব্যবস্থা স্টারলিংকও ব্যবহার করে। তবে আক্রমণাত্মক অভিযানে এটি ব্যবহারের অনুমতি নেই।
