স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজা উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট একটা পৃথিবী’।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেন শুভশ্রী। ছবিগুলোতে রাজ, শুভশ্রী ও তাদের দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজার আনন্দঘন মুহূর্ত দেখা যায়। পূজামণ্ডপে ঘুরতে গিয়ে ক্যামেরাবন্দী হওয়া এসব ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ২০১৮ সালে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে।
সম্প্রতি শুভশ্রীর প্রাক্তন প্রেমিক ও টালিউড সুপারস্টার দেবের সঙ্গে ‘দেশু ৭’ সিনেমায় জুটি বেঁধেছেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটির প্রচারণার সময় দেব-শুভশ্রীর একসঙ্গে উপস্থিতি ও ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়েও নানা জল্পনা ছড়ায়।
এর পরপরই পারিবারিক ছবি প্রকাশ করায় নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে ছবিগুলোকে স্বাভাবিক পারিবারিক মুহূর্ত হিসেবে দেখলেও কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন। এক অনুসারী লিখেছেন, ‘অনেকদিন পর সান্ত্বনামূলক পোস্ট!’ আরেকজন লিখেছেন, ‘ছবি শেষ, এদের কাহিনিও শেষ। এখন ফ্যামিলি কাহিনি শুরু।’ অন্য একজনের মন্তব্য, ‘আজ সবচেয়ে বেশি খুশি রুক্মিণী।’
বিআলো/শিলি