সংবাদচর্চা রিপোর্ট
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে জুলাই গণ-আন্দোলনের অন্যতম কনিষ্ঠ শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রিয়ার বাসায় গিয়ে তিনি তার বাবা-মায়ের সঙ্গে কুশল বিনিময় করেন, সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের হাতে রিয়ার একটি ফটোফ্রেম ও উপহার তুলে দেন।
এ সময় খোরশেদ বলেন, “আজ আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। চারদিকে যখন উৎসবের আমেজ, তখন আপনাদের ঘরে বিসর্জনের বিষাদ। রিয়ার বিসর্জনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা রিয়া ও আপনাদের এই ত্যাগ কখনো ভুলব না। রিয়া আমাদের মাঝে জাগ্রত এবং ওর আত্মবিসর্জন আমাদের হৃদয়ে অম্লান থাকবে চিরকাল।”
রিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খোরশেদ তার বাবা-মায়ের হাতে ‘পূজার সাজে রিয়া’ শিরোনামে রিয়ার একটি ফটোফ্রেম ও কিছু উপহার তুলে দেন।
খোরশেদ আরও বলেন, রিয়া গোপ ফ্যাসিবাদী আওয়ামী লীগের বর্বরতার এক নির্মম সাক্ষী। ওই বর্বরতা থেকে ছাত্র-জনতা, এমনকি ঘরে থাকা গৃহিণী ও শিশুরাও রক্ষা পায়নি। তিনি অবিলম্বে রিয়া গোপ হত্যার বিচার নিশ্চিত করা এবং রায়ে নির্ধারিত দণ্ড কার্যকরের দাবি জানান।
উল্লেখ্য, জুলাই গণ-আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২৪ জুলাই নিজ বাড়ির ছাদে খেলাধুলা করার সময় গুলিতে শহীদ হয় শিশু রিয়া গোপ। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের সন্ত্রাসী ও পেটোয়া বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়। তার মৃত্যু জুলাই গণ-আন্দোলনে শিশুদের হতাহতের বেদনাদায়ক স্মৃতিগুলোর একটি হয়ে রয়েছে।
The post চারদিকে উৎসব, রিয়ার ঘরে বিসর্জনের বিষাদ—পরিবারকে খোরশেদের সমবেদনা appeared first on Daily Sangbad Chorcha.
