ইতিহাস গড়লেন ১৮-র অনাহতছবি: X
Published on
:
2 min read
স্কোয়াশে আন্তর্জাতিক মঞ্চে একের পর এক চমক দিচ্ছেন ভারতের অনাহত সিং। বৃহস্পতিবার আটবারের বিশ্বসেরা নূর এল শেরবিনিকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিলেন তিনি। এ বার নজর কাড়লেন শেষ আটের ম্যাচে। সিলিকন ভ্যালি ওপেন ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে মিশরের সালমা হানিকে হারিয়ে নজির গড়লেন ১৮ বছরের তরুণী। পিছিয়ে পড়েও করলেন দুরন্ত কামব্যাক। পাঁচ গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-১১, ১১-৮, ৪-১১, ১১-২, ১১-৫ ব্যবধানে জিতে সেমিতে জায়গা পেলেন অনাহত। গড়লেন নয়া ইতিহাস। প্রথম ভারতীয় হিসেবে পৌঁছলেন PSA গোল্ড পর্যায়ের কোনও প্রতিযোগিতার সেমি ফাইনালে।
দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন
ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে এই ম্যাচের শুরুটা ভালো হয়নি অনাহতের। ভারতীয় এই তরুণীর ভুলের সুযোগ নিয়ে প্রথম গেম ১১-৪ ব্যবধানে জিতে নেন হানি। দ্বিতীয় গেমে অবশ্য ছন্দে ফেরেন অনাহত। ভালো পারফর্ম করে ১১-৮ ব্যবধানে গেম জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। কিন্তু তৃতীয় গেমে ফের দাপট দেখান মিশরের সালমা হানি। ১১-৪ ব্যবধানে গেম জিতে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যান। ফলে সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে পরের গেম জিততেই হতো অনাহতকে।
তবে হাল ছাড়েননি তিনি। চাপের মুখে সেখান থেকেই ঘুরে দাঁড়ান ভারতীয় তারকা। চতুর্থ গেমে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন তিনি। ১১-২ ব্যবধানে গেম জিতে ম্যাচে সমতা ফেরান অনাহত। নির্ণায়ক গেমেও সেই ছন্দ ধরে রাখেন ১৮ বছরের স্কোয়াশ তারকা। র্যালির নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে এবং ঠান্ডা মাথায় পয়েন্ট তুলে নিয়ে ১১-৫ ব্যবধানে পঞ্চম গেম জিতে নেন তিনি। ৪২ মিনিটের লড়াই শেষে নিশ্চিত হয় তাঁর ঐতিহাসিক জয়।
সেমি ফাইনালে সুযোগ এশিয়াডের বদলা নেওয়ার
সিলিকন ভ্যালি ওপেনের সেমি ফাইনালে এ বার মালয়েশিয়ার শিবাসাঙ্গরি সুব্রমনিয়ামের মুখোমুখি হবেন অনাহত। এর ফলে ২০২৬ সালের এশিয়ান গেমসের মহিলাদের সিঙ্গলসের ফাইনালের পুনরাবৃত্তি হতে চলেছে আবার। ওই ফাইনালে অনাহতকে ৩-০ গেমে হারিয়ে সোনা জিতেছিলেন শিবাসাঙ্গরি। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় তারকাকে। এ বার সিলিকন ভ্যালি ওপেনে সেই হারের বদলা নেওয়ার সুযোগ অনাহতের সামনে।
