গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ বলেছে, ‘টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর কোনো খবর আমাদের কাছে নেই। ফলে প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে।’
ঢাকায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ না করার ব্যাপারে গুঞ্জন উঠেছে। যদিও এ খবর উড়িয়ে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।
সাফের উদ্বোধনী দিনে মুখোমুখি হওয়ার কথা দুই চিরবৈরী দেশ ভারত ও পাকিস্তানের। কিন্তু গুঞ্জন ওঠে, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ভারত ও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। তবে ভারতকে নিয়ে ছড়িয়ে পড়া এ গুঞ্জন উড়িয়ে দিয়েছে সাফ।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়েছে, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি। এমনকি দল প্রত্যাহারের বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে কোনো যোগাযোগও করা হয়নি।
গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ বলেছে, ‘টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর কোনো খবর আমাদের কাছে নেই। ফলে প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে।’
সাফের সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাফ অভিযান। একই দিন মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ, যারা মুখোমুখি হবে ভুটানের।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। ছয় দলের এ প্রতিযোগিতার সব ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে।
