অনলাইন ডেস্ক । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ নেই। তিনি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা একটি সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের একটি ‘ওরিয়েন্টেশন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহর সমাজসেবা কার্যালয়-১, চট্টগ্রাম এ সভার আয়োজন করে।
সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন কর্মসূচির আওতায় কারা আর্থিক সহায়তা পাবেন, তা নির্ধারণ করা হবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে। তথ্য সংগ্রহ থেকে শুরু করে উপকারভোগী নির্বাচন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতার সঙ্গে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ফলে এখানে দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, এই কর্মসূচি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়। এটি জনগণের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি অঙ্গীকার। যা দেশের আপামর জনগণের কল্যাণে বাস্তবায়ন করা হচ্ছে। এখানে কে কোন রাজনৈতিক দলের সমর্থক, কে কোন মতাদর্শের অনুসারী কিংবা কে কোন ধর্ম বা বর্ণের মানুষ এসব বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব দিয়ে প্রকৃত যোগ্য উপকারভোগী নির্ধারণ করা হবে।
তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সঠিক তথ্য সংগ্রহ এবং নিরপেক্ষভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কর্মসূচির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার-এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়-১ এর সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্মআহবায়ক হারুন জামান, সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন— চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, ১৫ নম্বর বিএনপির বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাশেদ চৌধুরী, সদস্য সচিব সরওয়ার আলম, সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
