দেবীপক্ষে বড় সাফল্য বেঙ্গল এসটিএফের। কলকাতার উপকণ্ঠে নাদিয়ালে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। এসটিএফ আধিকারিকরা ওই মঙ্গলবার রাতে ওই অভিযান চালায়। একাধিক দেশি আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার হয়েছে। যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।
নাদিয়ালের আয়ুবনগরের একটি বাড়িতে বেআইনিভাবে অস্ত্র কারখানা গজিয়ে উঠেছিল। সেই খবর গোপন সূত্রে খবর পেয়েছিল তদন্তকারীরা। মঙ্গলবার রাতে বেঙ্গল এসটিএফের তদন্তকারীরা নাদিয়ালের ওই বাড়িতে হানা দেন। সেই বাড়ির ওই অংশ এক ব্যক্তি ভাড়া নিয়েছিলেন। তিনিই ওই বেআইনি কারখানা চালাচ্ছিলেন বলে খবর। সেখানে হানা দিয়ে শুরু হয় তল্লাশি। পাওয়া যায় একাধিক বেআইনি অস্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে দুটি ৭-মিমি আগ্নেয়াস্ত্র, দুটি দেশি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। এছাড়াও বিভিন্ন ক্যালিবারের তাজা ও ব্যবহৃত কার্তুজ মিলেছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। যদিও যে ব্যক্তি ওই কারখানা চালাচ্ছিলেন, তিনি আগেই পালিয়ে যান। তাঁর খোঁজে চলছে তল্লাশি। নাদিয়াল থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, এর আগেও নাদিয়াল এলাকায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। বিহারের মুঙ্গের থেকে সেখানে অস্ত্রের সরঞ্জাম এনে সেসব তৈরি হত। আয়ুবনগরের এই বেআইনি অস্ত্র কারখানায় মুঙ্গের থেকে কি সরঞ্জাম আসত? সেই বিষয় জানার চেষ্টা হচ্ছে। এই কারখানার সঙ্গে একটি চক্র জড়িত। এমনই অনুমান করছেন তদন্তকারীরা। এসটিএফ সেই চক্রের সন্ধান করছে।
