কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকারের জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে টহল দলটি অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৪০০ গজ দূরে বদরপুর ব্রিজ এলাকায় একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকারের জর্দা জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর মোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হবে।
বিজিবি আরও জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
