লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে হজরত বাগুদেওয়ান (রহ.)-এর মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে দানের টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে যায় তারা। তবে চুরি হওয়া টাকার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া এলাকায় মাজার ও মসজিদে এ ঘটনা ঘটে।
মাজার পরিচালনা কমিটি ও মসজিদের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জানালার গ্রিল কেটে মাজার ও মসজিদে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে সিন্দুক ও দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা চুরি করে। এ সময় সেখানে থাকা প্রায় তিন ফুট লম্বা একটি পুরোনো স্টিলের বাক্সও নিয়ে যায় তারা। ওই বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র রাখা ছিল।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, মাজারের সিন্দুকে প্রায় তিন বছর ধরে দানের টাকা জমা হচ্ছিল। সাধারণত তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হতো। প্রতিবার সেখান থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যেত। এবার সিন্দুকে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
মাজার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া সিন্দুকটি পুরোনো ছিল। এ ছাড়া একটি পুরোনো বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র রাখা ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

