বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
সভায় সংসদ সচিবালয়ের শূন্যপদ পূরণ, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন, কর্মদক্ষতা বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংসদ সচিবালয়ের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির একটি পদে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগ-সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। আদালতের রায়ের আলোকে উল্লিখিত পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।
এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর গঠিত এ-সংক্রান্ত কমিটিটি চলতি বছরের ১৪ অক্টোবর থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভায় কমিটির সদস্য হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানও সভায় উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
