রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
ছিদ্দিক (ছদ্মনাম) কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। তার চোখেও আর দশটা শিশুর মতো বড় হওয়ার স্বপ্ন, লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা।
তার বাবা একজন রিকশাচালক। প্রতিদিন রিকশা চালিয়ে যে মানুষটি সংসারের চাকা সচল রাখেন, তাঁর পক্ষে ছেলেকে প্রতিদিন গাড়িভাড়া দিয়ে দূরের স্কুলে পাঠানো সহজ নয়। তাই নিজের সামর্থ্যের মধ্যে ছেলেকে একটি পুরোনো সাইকেল কিনে দিয়েছিলেন। সেই সাইকেলে চড়েই স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছিল ছিদ্দিক।
কিন্তু একদিন সাইকেলটিও চুরি হয়ে গেল। থেমে গেল তার স্কুলে যাওয়া। অভাবের সংসারে নতুন একটি সাইকেল কেনার সামর্থ্য নেই। অথচ তার বুকভরা স্বপ্ন, চোখভরা আশা!
ছিদ্দিকের এই কষ্টের কথা নজরে আসে বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. ইসরাফিল মিয়ার। তাঁর মাধ্যমে বিষয়টি জানতে পারেন চান্দেরচর ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নির্দেশনায় আজ ছিদ্দিকের হাতে তুলে দেওয়া হয় একটি নতুন সাইকেল।
হয়তো কারও কাছে সাইকেলটি সামান্য উপহার, কিন্তু ছিদ্দিকের কাছে সাইকেলটি আবারও স্কুলে ফেরার আনন্দ, হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরে পাওয়ার গল্প। এই সাইকেলের চাকা ঘুরবে, আর তার সঙ্গে এগিয়ে চলবে একটি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা।
পৃথিবীটা আজও সুন্দর, কারণ এখানে এখনো এমন মানুষ আছেন, যাঁরা অন্যের কষ্টকে নিজের মনে করেন। যাঁরা বোঝেন, অসহায় একটি শিশুর পাশে দাঁড়ানো মানে শুধু তাকে সাহায্য করা না, বরং তার আগামী দিনগুলোকে একটু সুন্দর করে দেওয়া।
একটি সাইকেল হয়তো একটি শিশুর পুরো জীবন বদলে দিতে পারে না, কিন্তু সেই সাইকেলটি তার স্বপ্নের পথে আবারও চলতে শেখাতে পারে।
ছিদ্দিকের জন্য অনেক দোয়া ও শুভকামনা। তার স্বপ্নগুলো ডানা মেলুক, পড়াশোনার পথ হোক নির্বিঘ্ন, আর একদিন সে যেন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে অন্য কারও মুখে হাসি ফোটাতে পারে।
The post অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি’র নির্দেশে অসহায় শিক্ষার্থীকে সাইকেল উপহার দিল যুবদল appeared first on সকালের খবর ২৪.
