মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার জন্য বাংলাদেশ’ এবং বাংলাদেশ সাংবাদিক জোটের টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আজ বুধবার (১৪ অক্টোবর) এই সভার আয়োজন করা হয়। সভায় দেশের সাম্প্রতিক সামাজিক পরিস্থিতি, সম্প্রীতি, মতপ্রকাশের স্বাধীনতা ও সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক জোটের টাঙ্গাইল জেলা সভাপতি মাসুদ পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর যুগ্ম আহ্বায়ক এসএম সামসুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল খান এবং হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা আমির ডা. নাজম আল ইসলাম।
সভায় মাজারের খাদেম, বাউলশিল্পী, রেডিও ও টেলিভিশনের সংগীতশিল্পী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, নাট্যকার এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও হামলার চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। পরে উপস্থিত বক্তারা তাদের অভিজ্ঞতা, মতামত ও অনুভূতি প্রকাশ করেন। বক্তারা সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- শিক্ষক শাহজাহান সিরাজ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সাংস্কৃতিক কর্মী নাজমুল হোসেন, গীতিকার মো. বাহাউদ্দুর আলম, শিক্ষক সোহেল, সাংবাদিক সজিব আহমেদ, সাংবাদিক ফাইজুল ইসলাম, সাংবাদিক মো. আবু হানিফ, ব্যবসায়ী সুমন মিয়া এবং বাউলশিল্পী আলমগীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
