রাজধানীতে পৃথক দুটি অভিযানে এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত সোমবার (১৯ অক্টোবর) কুড়াতলী ও মিরপুর-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুটি ঘটনাতেই পৃথক মামলা হয়েছে।’
ডিএনসি সূত্রে জানা যায়, খিলক্ষেতের কুড়াতলী পূর্বপাড়া জামে মসজিদসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. জুয়েল রানা ও তার স্ত্রী হাসনা আক্তার। তারা ওই বাড়ির একটি কক্ষের ভাড়াটিয়া। তাদের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলায়। গ্রেপ্তার দম্পতি পারস্পরিক যোগসাজশে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।
অন্যদিকে, একই দিন শাহ আলী মাজার বেষ্টনী প্রকল্প মার্কেটের বিসমিল্লাহ বাণিজ্য ভাণ্ডার নামের দোকানের সামনে সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৩৫০ পিস ইয়াবাসহ মৌসুমী বেগম ও মো. আমির হামজা নূরকে গ্রেপ্তার করা হয়। তাদের দুইজনের বাড়ি বরগুনা।
