খুলনা গেজেট অক্টোবর ১৫, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ
জার্মানির বোখুম শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে হফস্টেডে এলাকার একটি বহুতল আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরদিন বুধবার সকালে দেশটির পুলিশ ঘটনার বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরে। খবর এনডিটিভির
নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবক এবং ২৫ ও ২৭ বছর বয়সী দুজন তরুণী রয়েছেন। অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। এছাড়া এই অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গণমাধ্যমের প্রতিবেদনে তাঁদের জাতীয়তা উল্লেখ করা হয়নি।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার কোনো লক্ষণ পায়নি পুলিশ। ফলে ঘটনাটিকে দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো বা নাশকতা বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ভবনেই বসবাসকারী ৪১ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, সিঁড়িপথ দিয়ে দ্রুত আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়ায় উদ্ধারকর্মীদের ভবনে প্রবেশ করতে এবং আটকে পড়াদের উদ্ধার করতে মারাত্মক বেগ পেতে হয়। সিঁড়িপথ অবরুদ্ধ থাকায় ওপরের তলাগুলোর বাসিন্দাদের কাছে পৌঁছাতে চরম চ্যালেঞ্জের মুখে পড়েন অগ্নিনির্বাপক কর্মীরা।
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের মাত্র একদিন আগেই গত রোববার ওই ভবনে দুটি পক্ষের মধ্যে তীব্র বিরোধের জেরে পুলিশ ডাকার ঘটনা ঘটেছিল। এই পূর্ববিরোধের সাথে অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে জার্মান কর্তৃপক্ষ। পুরো ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে বর্তমানে নিবিড় তদন্ত চলছে।
খুলনা গেজেট/এনএম
