জলপাইগুড়ি পুরসভাছবি: Facebook
Published on
:
1 min read
এই সময়, জলপাইগুড়ি: ঢাক-ঢোল পিটিয়ে ময়দানে নামলেও শেষ পর্যন্ত পুরসভার বোর্ড গঠনের প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেন মমতা তৃণমূলের কাউন্সিলাররা। সার্কিট বেঞ্চের নির্দেশের পর আজ, বুধবার বোর্ড গঠনের জন্য বৈঠক করার কথা ছিল তাঁদের। কিন্তু সেই বৈঠক আর হয়নি।
পরে সাংবাদিক বৈঠকে কালীঘাটপন্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বৈঠকে না যেতে মহিলা কাউন্সিলারদের হুমকি দিচ্ছে বিজেপি। তাই কাউন্সিলারদের নিরাপত্তার দিকে তাকিয়ে বোর্ড গঠন থেকে সরে আসা হলো। যদিও বিজেপির দাবি, নিজেদের ব্যর্থতা ঢাকতেই বদনাম করা হচ্ছে। কোনও কাউন্সিলারকেই কিছু বলা হয়নি।'
বোর্ড গঠন করতে বৈঠকে বসতে গত সপ্তাহে পুরসভার এগজ়িকিউটিভঅফিসারকে তিনজন কাউন্সিলার চিঠি দেন। কিন্তু হঠাৎ করেই তার মধ্যে পিঙ্ক বিশ্বাস নামে এক কাউন্সিলার চিঠি দিয়ে এই প্রক্রিয়া থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন। ফলে ধাক্কা খেতে হয় মমতা তৃণমূলকে।
আদালত সাতদিনের মধ্যে বোর্ড গঠনের যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তা সম্ভব নয় বুঝতে পেরেই মমতা তৃণমূলের কাউন্সিলারেরা সরে এলেন বলে অভিমত রাজৈনিতক মহলের। মমতাপন্থী কাউন্সিলার তপন বন্দোপাধ্যায় বলেন, 'বিজেপি সন্ত্রাস চালাচ্ছে। ফোন করে কাউন্সিলারদের বৈঠকে না আসতে হুমকি দিচ্ছে।' এ নিয়ে বিজেপি নেতা বুবাই কর বলেন, 'মিথ্যা অভিযোগ। আসলে বোর্ড গঠন করার জন্য যে ন'জন কাউন্সিলারের সমর্থন দরকার সেটা ওদের কাছে নেই।'