নওগাঁর মান্দায় কিশোর অপরাধ এবং মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কিশোর গাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার চকউলী গ্রামের আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন ইসলাম (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।
পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের নেতৃত্বে চকউলী গ্রামে বিশেষ কিশোর অপরাধ এবং মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও মাদকবিক্রির টাকাসহ মাদক ব্যবসায়ী তিন কিশোর গাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু ও বসতবাড়ির গর্তে লুকানো অবস্থায় আরেকটি আধুনিক চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স বা ডাবল-ব্লেড টমাহক নামক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সাথে ৬০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৭৩হাজার ৫০টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও অস্ত্র মামলা রুজু করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।’
