ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউরোপের দেশগুলো এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় ট্রাম্প মন্তব্য করেন, ‘খুব শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে।’
সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। আগের দিনের বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, ফ্রান্সে যা ঘটছে, তার সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে, স্কুল বা অন্য কোনো বিষয়ের নয়। তিনি দাবি করেন, ফ্রান্সের সীমান্ত বন্ধ করা উচিত।
গত সপ্তাহান্তে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। এসব বিক্ষোভের একপর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে দেখা দেওয়া সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।
ট্রাম্প জানান, মাখোঁকে তিনি আগেই সতর্ক করেছিলেন। তিনি মাখোঁকে বলেছিলেন, ফ্রান্সের জন্য তিনি বড় ভুল করছেন, কারণ বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষকে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
ট্রাম্প আরও বলেন, ‘ইউরোপ যদি সীমান্ত বন্ধ না করে এবং বিক্ষোভকারীদের মতো অপরাধীদের বের করে না দেয়, তাহলে ইউরোপ শেষ হয়ে যাবে।’
২০২৪ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন ঠেকানোকে অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেছিলেন ট্রাম্প। ওই সময় তিনি বর্ণগত ভীতিকে উসকে দেয়, এমন কিছু মিথ্যা দাবিও করেছিলেন।
সূত্র: এনডিটিভি
/অ
