আজকাল ওয়েবডেস্ক: ২৫ ফুটের মা লক্ষ্মী। ২৫ ফুটের মা অন্নপূর্ণা। এবং অন্নপূর্ণা যোজনার টাকার চাঁদা। এই তিন আকর্ষণকে সামনে রেখেই এবছর দর্শনার্থীদের নজর কাড়তে চলেছে বীরভূমের সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরের আদিরেপাড়া বিধান স্মৃতি সঙ্ঘ ক্লাবের লক্ষ্মীপুজো।
গত কয়েক বছর ধরেই বিশালাকার লক্ষ্মী প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই ক্লাব। তবে এবছর ‘অন্নপূর্ণার চরণে চপলা’ পৌরাণিক ভাবনাকে ফুটিয়ে তুলতে ২৫ ফুট উচ্চতার লক্ষ্মী প্রতিমার পাশাপাশি তৈরি করা হচ্ছে আরও একটি ২৫ ফুটের মা অন্নপূর্ণার প্রতিমা। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার টাকার চাঁদা দেওয়ার বিষয়টিও এবারের পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
উদ্যোক্তাদের কথায়, পৌরাণিক আখ্যান অনুযায়ী, মা লক্ষ্মীর পাতালে গমনের ফলে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিলে জীবকুলকে রক্ষা করতে মা অন্নপূর্ণার কাছে অন্ন প্রার্থনা করেন লক্ষ্মী। সেই অন্নদানের মধ্য দিয়েই পৃথিবী ফের শস্যশ্যামলা হয়ে ওঠে। এই কাহিনিকেই মণ্ডপে তুলে ধরছেন তাঁরা।
চলতি বছরে ৩৯ বছরে পা দিল এই পুজো। প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের হাত ধরে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। বিশালাকার দুই দেবীমূর্তি দেখতে এবারও দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
