এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশের ফর্টিজ আজ কুয়েতের ক্লাব কাদসিয়া এসসির মুখোমুখি হচ্ছে। কুয়েতের মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় খেলা শুরু হবে।
ফর্টিজের কোচ মাসুদ পারভেজ কায়সার গতকাল সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কন্ঠে বলেন,‘প্লে অফ পর্বে আমাদের দল ভালো খেলেছিল। এবার গ্রুপ পর্বেও ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। দলের সবাই সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে।’
প্রিলিমিনারি রাউন্ডে কিংস অ্যারেনায় কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডকে হারিয়ে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে ফর্টিজ। এবার চূড়ান্ত পর্বেও ভালো কিছু করতে চায় বাংলাদেশের ক্লাবটি। দলের অন্যতম বড় ভরসা গাম্বিয়ান পা ওমর বাবু। টানা পাঁচ মৌসুম ফর্টিজের হয়ে খেলছেন তিনি। তাঁর পারফরম্যান্সের ওপর ম্যাচের ফলাফল নির্ধারণ করবে।
কাদসিয়া এসসি কুয়েতের প্রিমিয়ার লিগে রেকর্ড ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। এমন এক দলের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে হবে ফর্টিজকে। এএফসি চ্যালেঞ্জ লিগের ‘সি’ গ্রুপে ফর্টিজের অন্য দুই প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেগার তাদাজ তুরসুনজোদা। গ্রুপ চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে খেলবে। রানার্স-আপ হলে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। তিন গ্রুপের মধ্যে সেরা রানার্স-আপ পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বে ফর্টিজের পরের ম্যাচ ২০ অক্টোবর ভারতের এফসি গোয়ার বিপক্ষে।
এজেড/
