নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌর শহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ফকির রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরের শ্বশুরবাড়ি। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে যান। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁর ওপর একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকও তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, ‘আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে আসে। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যায়। এরপর আবার ফোন নিতে আসে। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় দুজন ব্যক্তিও পেছন দিয়ে যায়। পরেই আমি গুলির শব্দ শুনি। ভয় পেয়ে আমিও দোকানের ভেতরে চলে যাই।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান সাংবাদিক হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আলিফ ফকিরের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
The post নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা appeared first on ভোরের চেতনা.
