স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যখাতে সতের বছর এতো অব্যবস্থাপনা রেখে গেছে যেটা তাড়াতাড়ি দূর করা সম্ভব নয়, অব্যবস্থাপনা দূর করতে সময় লাগবে। আগামি বিশ দিনের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন হবে। প্রায় ষোল হাজার কোটি টাকার টেন্ডার হবে। পাঁচটি রোবটিক সার্জারি সেন্টার স্থাপন করা হবে। পাঁচ হাজার ডাক্তার এবং নার্স নিয়োগ করা হবে। পাশাপাশি ওষুধ সরবরাহ স্বাভাবিক করতে একটু সময় লাগবে।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরির্দশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের এক কিলোমিটারেরর মধ্যে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। কোনো ক্লিনিকে অব্যবস্থাপনা ও অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালর ডেঙ্গু ওয়ার্ড পরির্দশন করেন ও রোগীদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী প্রথমে যান পরিচালকের কক্ষে। এসময় বেশ কিছু কিচিৎসকের দেরিতে উপস্থিতি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী হাসপাতালের পরিচালককে চিকিৎসকদের দেরিতে উপস্থিতি এবং অনুপস্থিতদের তালিকা করে ঢাকায় পাঠাতে বলেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো জাকির হোসেন, মউকের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।
