ইরানের সঙ্গে এ মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ শুরুর আভাস দিয়ে তিনি বলেছেন, শিগগিরই কিছু একটা হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি না। কোনো একভাবে খুব শিগগিরই কিছু একটা হবে। বেশিরভাগ মানুষ মনে করছে এটি মধ্যবর্তী নির্বাচনের পর হবে।”
ট্রাম্প এমন কথা বলার আগে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানো হতে পারে। আর এই হামলা পরিকল্পনার একটি খসড়া তৈরি করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, নতুন করে হামলা হলে এটি হবে স্বল্পকালীন কিন্তু অত্যন্ত তীব্র। আর এই হামলায় সামরিক সরঞ্জামের পাশাপাশি টার্গেট করা হবে ইরানের জ্বালানি অবকাঠামোকেও।
তবে ট্রাম্প শেষ পর্যন্ত নতুন সামরিক অভিযানের অনুমতি দেন কি না সেটিও স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এরআগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওইদিনই ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন।
সূত্র: টাইমস অব ইসরায়েল, নিউইয়র্ক টাইমস
