ছবির ক্যাপশন: ...
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় এসএসসি (সমমান) গণিত (এমসিকিউ) পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে আকস্মিক নিষেধাজ্ঞার ঘটনায় সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন আগামী ৫ কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ সব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পরীক্ষাটি পুনরায় আয়োজনের বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে। অভিভাবকদের লিখিত আবেদনও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে এবং দ্রুত কেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ৩ মে 'কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে' গণিত (এমসিকিউ) পরীক্ষা চলাকালে হঠাৎ করে ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা বরুন কুমার সাহা। এতে ৬৫১ জন পরীক্ষার্থী চরম বিভ্রান্তির মুখে পড়ে এবং গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়।
পরীক্ষা শেষে এ ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্র অবরুদ্ধ করে শিক্ষক ও কর্মচারীদের ঘিরে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ চেষ্টা চালান ।
সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা থানার সামনে বিক্ষোভ করে এবং এক শিক্ষকের বাড়িতে হামলার চেষ্টার ঘটনাও ঘটে।
