ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২৫টি বাণিজ্যিক মাছের পুকুরের তলদেশের পলি এবং চাষের মাছের পরিপাকতন্ত্রে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। দেশের বাণিজ্যিক মাছ চাষের পুকুরেও শনাক্ত হয়েছে মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর অতিক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক দূষণ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘এনভায়রনমেন্টাল পলিউশন’-এ প্রকাশিত হয়েছে।
গবেষণার অংশ হিসেবে ত্রিশালের ২৫টি খামার থেকে পুকুরের তলদেশের পলি এবং ৬ প্রজাতির মোট ১৫০টি মাছের নমুনা সংগ্রহ করা হয়। প্রজাতিগুলো হলো রুই, কাতলা, পাঙাশ, মৃগেল, কমন কার্প ও সরপুঁটি। প্রতিটি প্রজাতি থেকে ২৫টি করে মাছ নিয়ে রাসায়নিক ও অণুবীক্ষণিক বিশ্লেষণ করা হয়।
বিশ্লেষণে ১৫০টি মাছের পরিপাকতন্ত্রে মোট ৯০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া যায়। গড়ে প্রতি মাছে ০.৬০টি কণা শনাক্ত হয়েছে। প্রজাতিভেদে সরপুঁটিতে গড়ে সবচেয়ে বেশি ১.২০টি কণা পাওয়া গেছে। রুই ও কালিবাউশে গড়ে ০.৬৮টি করে।
শতকরা হারে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পাঙাশ মাছে, ৪০ শতাংশ। রুই মাছে ৩৬ শতাংশ, কাতলা ও মৃগেলে ২০ শতাংশ করে এবং কমন কার্প ও সরপুঁটিতে ১৬ শতাংশ হারে পাওয়া গেছে।
এ ছাড়া পরীক্ষা করা ২৫টি পুকুরের প্রতিটির তলদেশের পলিতেই মাইক্রোপ্লাস্টিক মিলেছে। প্রতি কেজি পলিতে গড়ে ১১.০৪টি কণা শনাক্ত হয়েছে। পলিউশন লোড ইনডেক্স (পিএলআই) অনুযায়ী দূষণের মাত্রা ১ থেকে ৪.৫ পর্যন্ত, যা কয়েকটি নমুনায় অত্যন্ত উচ্চ।
গবেষণায় দেখা গেছে, পুকুরের তলদেশে বসবাসকারী মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক গ্রহণের হার ৫২ শতাংশ। মধ্যস্তরে ৩৫ শতাংশ এবং উপরিভাগে ১৩ শতাংশ। মাছের ক্ষেত্রে এই হার ৫৮ শতাংশ এবং তৃণভোজী মাছের ক্ষেত্রে ৪২ শতাংশ।
গবেষকদের বিশ্লেষণে মাছের খাদ্যের প্লাস্টিক ব্যাগ ও প্যাকেজিং, মাছ ধরার নাইলন ও পলিয়েস্টারের জাল, পুকুরের পাড়ে ব্যবহৃত প্লাস্টিকের ত্রিপল এবং সেচকাজে ব্যবহৃত প্লাস্টিকের পাইপের ক্ষয়কে মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে প্রধান গবেষক অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান বলেন, ‘এই গবেষণায় আমরা মাছের পরিপাকতন্ত্র পরীক্ষা করেছি। মানুষের খাওয়ার উপযোগী মাছের পেশিতে মাইক্রোপ্লাস্টিক জমার পরিমাণ সরাসরি পরিমাপ করা হয়নি। ফলে এসব মাছ খাওয়ার মাধ্যমে মানবদেহে কতটা প্রবেশ করতে পারে তা এই গবেষণা থেকে নিশ্চিতভাবে বলা যায় না।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ গবেষণায় মাছের পেশিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং ভারী ধাতুর সঙ্গে এর সম্মিলিত প্রভাব পরীক্ষা করা জরুরি।’ পাশাপাশি খামারে প্লাস্টিকসামগ্রীর যথাযথ পুনর্ব্যবহার, পুকুরে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের পরামর্শ দেন তিনি।
