কালবেলা · সাধারণ
গোপনে স্ত্রীর ছবি-ভিডিও ধারণ, প্রতিবাদ করায় সিসিক কর্মীকে হত্যা
১২/১০/২০২৬

স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ অক্টোবর) রাতে নগরীর কাস্টঘর এলাকার সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।
কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির।
নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর এলাকার বাসিন্দা। সিলেট সিটি করপোরেশনে (সিসিক) পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এ ঘটনায় আমিন নামে এক ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কাস্টঘর এলাকায় লুকিয়ে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ জানান। পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা হৃদয়কে ছুরিকাঘাত করেন। আহত হৃদয়কে এরপর স্থানীয় বাসিন্দারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করে বলেন, ‘আমিনসহ কয়েকজন মিলে আমার ভাইকে হত্যা করেছে। ভাবির ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে।’
কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির কালবেলাকে বলেন, স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হৃদয় কুমার হরিজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মূল প্রতিবেদনে যান ↗