ছবির ক্যাপশন: .
আল-আমিন, নেত্রকোনা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শ্লোগানে মিছিলে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনার রাজপথ। সোমবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে বের হয় বিশাল আনন্দ মিছিল।
শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি জেলা প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, আবুল কালাম, দপ্তর সম্পাদক প্রান্ত পাঠানসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
“তারেক রহমান আসছেন”, “তিনি আসবেন বীরের বেশে”, “১৮ বছরের অপেক্ষার অবসান”—শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
ছাত্রদল নেতারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মোড় আনবে। এতে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা দাবি করেন।
নেতাকর্মীরা জানান, ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ২০০৮ সালে কারামুক্ত হয়ে তারেক রহমান যুক্তরাজ্যে যান। ২০১২ সালে রাজনৈতিক আশ্রয় নেন সেখানে। দীর্ঘদিন প্রবাসে থেকেও তিনি দলের নেতৃত্ব ও ঐক্য অটুট রেখেছেন।
অবশেষে দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসানের দাবি করে ছাত্রনেতারা বলেন, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। আর এই ঘোষণাকে ঘিরেই মাঠে নেমেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।
