রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের একপর্যায়ে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কলেজটিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দেশ গড়ার কাজে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?
প্রধানমন্ত্রী বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে আন্দোলনের মধ্যেই দায়িত্ব শেষ নয়, দেশ পুনর্গঠন ও একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তাদের এগিয়ে আসতে হবে।
এ সময় ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজধানীর দূষিত বাতাস বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে উল্লেখ করে বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগ নেয়া হলেও তা সফল করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন, দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।
